সংগোপন

সংগোপন
Image result for Search


আলমারীর তাকগুলোয় যেখানে থরে থরে সাজানো আছে নানান শাড়ি..
তারই এককোনে গুছিয়ে তুলে রেখেছি আমার কষ্টগুলোকে।
ধূলো,ময়লা,ঝুল,কালি থেকে বাঁচিয়ে খুব যত্নে...
বিয়ের বেনারসীটা যেমন...
লাল রঙের বলে পরে আর তেমন পরাই হয়নি,
তবু পরম মমতায় ন্যাপথলিন দিয়ে ভাঁজ করে কাগজে মুড়িয়ে রেখেছি,
মাঝে মাঝেই ভাঁজ খুলে হাত বুলোই,
ভাঁজে ভাঁজে সূতো কেটে যাবে বলে
উল্টে পাল্টে করি ভাঁজ...
তেমনি করেই কষ্টগুলোকেও...
আচার,আমতা মেলে দেই গেরস্ত রোদে,
বোয়াম খুলে কুমড়ো বড়ি,
পচন রোধে শুঁটকী মাছ...
ভাদ্র এলেই আলমারী আর ওয়্যারড্রোব উজাড় করে
ঢেলে দেই উথাল পাথাল রোদে..
পোকা কিংবা ছত্রাক থেকে সুরক্ষিত থাক পশম,রেশম,সূতি,জর্জেট,নাইলন...
সেই ফাঁকে অভিমানী কষ্টগুলোকেও সন্তর্পনে মেলে দিই ঝাঁঝালো হাওয়ায়...
ওগুলো যে একান্ত ব্যক্তিগত,
গোপন কোন সঞ্চয় যেন,
সবার আড়ালে একলা গুনে ঠিকঠাক রাখা,
আবার গুছিয়ে তেমনি কোনে ঠেসে দেয়া...
বন্ধুত্বের দাবীতে কেও কেও গুনতে চায় সেই লুকোনো ধন,
চুরির চাইতেও ভয়টা তাদের নিয়েই...!!!
দিতে পারি আটপৌরে গোলাপী, কমলা সাতকাহন,
লাল কিংবা আসমানী রঙ পাঁচালী...
সাদায় সবুজে জড়াজড়ি সব কথন...
হলুদ বিষণ্ণ উদাসীন ধারাপাত...
শুধু আড়াল করা,
হালকা, গাঢ়,
কোমল,কঠিন
বেগুনী কষ্টগুলো
আমার একারই থাক।
আলমারীর ওই একলা শীতল আঁধার কোনে...

সৈয়দা সুরভি রহমান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.