ভালোবাসি

ভালোবাসি

"মা, এই মা, ঘুমালে?"
"উমম, না, কী?"
"মশারিটা লাগায়ে দাও"
"বুড়া ধামড়া, নিজে লাগা, আর নয়তো মশার কামড় খা"
আমি কিছু না বলে ফোন টিপে যেতে লাগলাম। নতুন একটা গল্পে একদম সাড়া পাচ্ছি না। বারবার ঢুকে নোটিফিকেশন চেক করছি। তার উপর তিথি অনলাইন। আর কী লাগে?
চোখ খুললাম। পাশের রুমে বাবার বিকট শব্দে নাক ডাকার আওয়াজ আসছে। লাইট নেভানো। কল্পনা করলাম মশারি লাগানো হয় নি, ফোন টিপতে টিপতেই ঘুমিয়ে গিয়েছিলাম। মশারি লাগানো হয় নি তার মানে এতক্ষণে আমার গায়ের থেকে এক-আধ লিটার রক্ত নারী মশারা পাচার করে ফেলেছে। মোবাইলের লাইট জ্বালাতেই টের পেলাম মশারি লাগানো আছে, সুন্দরভাবে চারপাশ গোছানো। বুঝতে অসুবিধা হবার কিছু নেই, মা-ই লাগিয়েছে।
ফেবুতে ঢুকলাম। তিথি মেসেজ দিয়েছে প্রায় তিরিশটা।
"ওম? ঘুমালে? এই কই তুমি? মিস করছি তো, শুনছ? এই এই...." ইত্যাদি ইত্যাদি।
মনটা একটু খারাপ হলো কারণ ও আর অনলাইন নেই। এই মন খারাপেও একরকম ভালোলাগা কাজ করে। ছোট্ট করে লিখলাম
"ভালোবাসি, শুভরাত্রি"
ঘুম ভেঙেছে কাজেই বাথরুমে যাবো। যাবার পথে দেখলাম মা পিচ্চি ভাইবোন দুটার গায়ে লেপ দিয়ে নিজে পাতলা কম্বল গায়ে দিয়েছে। আমি মোটামুটি নিঃশব্দে ড্রয়ার থেকে আরেকটা কম্বল বের করে মায়ের গায়ের ওপর দিলাম। ফিসফিস করে বললাম,
"ভালোবাসি মা, শুভরাত্রি"

Om Ar

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.