সেই হতো বেশ


সেই হতো বেশ


যদি সেখানেই সবকিছু হতো শেষ
তবে তাই ছিলো বেশ
আমিও পেতাম একডালা আকাশ নীল
ডানার ক্লান্তি মুছে নিতো চিল
ভেঙে যেতো সমস্ত ভুলের স্তুপ
মিশে যেতো রন্ধ্রে রন্ধ্রে সুখেরা নিশ্চুপ
যদি সেখানেই সবকিছু হতো শেষ
থাকতো না আর কোনো কষ্টের লেশ।

আকাশ কাঁদতো না বৃষ্টি ঝরিয়ে
ফাগুন যেতো না বিরহ ছড়িয়ে
হতো না আবির্ভাব ধূসরতার
থাকতো না কোনো বিরূপ চিৎকার
সাদা কালো রঙটাও হতো মোহনীয়
এই এলে বেলে কথাটাও হতো স্মরণীয়
যদি অসময়ের বৈরীতায় না হতো বিনাশ
তবে এখনো লালিত হতো অনন্য অভিলাষ।

যদি সেখানেই সবকিছু হতো শেষ
আমিও হতাম হয়তো বিশেষ
শান্ত নদীর বুকে ত্রিভুজ মেঘ
কিংবা গোধূলির ঝলমলে আবেগ
কিংবা ঘাসফুলের বুকে রঙিন প্রজাপতি
হয়তোবা মিলতো স্বপ্ন রাজ্যে উড়বার সম্মতি
সেই হতো দারুণ কিছু সেই হতো বেশ
যদি সেখানেই সবকিছু হতো শেষ।



উম্মে কুলসুম লাইজু

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.