কথোপকথন

কথোপকথন



আবির:- কতদিন তোমার হাত ধরে হাঁটিনা মনি!
মনি:- হাত ধরে কিভাবে হাঁটবে আবির? তোমার কোলে থাকে তোমার ছেলে, আরেক হাতে থাকে ব্যাগ। আমার হাত ধরে হাঁটে আমাদের মেয়ে পুতুল। হাত ধরে ঢং করে হাঁটার সময় কি এখন আছে?
আবির:- কতদিন তোমাকে নিয়ে ভর পূর্ণিমায় ছাদে পাটি বিছিয়ে বসিনা! তোমার খোলা চুলে হাত রাখিনা।
মনি:- পূর্ণিমায় চাঁদ দেখার সময় কোথায়? তোমার ছেলের ভেজা কাঁথা পাল্টাতে পাল্টাতেই তো আমার ঘুমের হালনাগাদ বেজে যায়। আর চুলে হাত দিয়ে কী হবে? চুলে একবার আঙুল ঢুকালে বাহির করে আনতেই তোমার ঝামেলা হবে। যত্ন তো আর নেয়া হয়না।
আবির:- তোমাকে নিয়া শেষ কবে কোষা নৌকায় চড়েছিলাম মনে আছে মনি? মাঝ গাঙে বৈঠা ফেলে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছিলাম! তুমি কাঁদো কাঁদো মুখ করে বলছিলে "এখন কী হবে আবির? আমরা কি এখন মাঝ গাঙে ডুবে মরবো?"
মনি:- এ তুমি কোন জনমের কথা বলছো আবির? যে জনমে আমি ছিলাম আনকোরা পুষ্পের বীজ? ধরলে-ছুঁলে ক্ষয়ের ভয় আর অদেখা সুখের অভিনব প্রলয় ছিলো যে জনমের আদি অন্ত?
বৈঠা হারানের আজন্ম আশংকা এখনো আছে, তবে একসাথে মাঝ গাঙে ডুবে মরার ভয় আর এখন পাইনা রবি।
আবির:- তোমার কপালে দেয়া চুমুর গণনা কবে বন্ধ করলে মনি? সংখ্যাটা লাখ খানেক হবে তো?
মনি :- উনপঞ্চাশ হাজারে এসে থেমেছিলো তো বহুদিন আগেই! খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম গো, গুণার দায়িত্ব তাই কপালকেই দিয়ে দিয়েছি। এখন কপালই জানে, তাতে ভালোবাসার উষ্ণ লালার বিচ্ছুরণ কতবার ঘটেছে।
আবির :- আমাকে লেখা তোমার শেষ চিরকুটটার কথা মনে আছে মনি?
মনি:- হ্যা, মনে আছে। কোনোএক ঈদে আমার সব কেনা হয়েছিলো শুধু অন্তর্বাস ছাড়া। মাঝরাতে ড্রেসিংটেবিলে চিরকুটটা তোমার চোখে পড়া মাত্র বসা থেকে উঠে দিয়েছিলে এক দৌড়। ঈদের আগের রাত হওয়ায় মার্কেটও খোলা'ই ছিলো। হাতে করে নিয়ে এসে তুমি কী খুশি! বাচ্চাদের মতো করছিলে তুমি। আর আমার সে কী লজ্জা!
আবির:- তোমার চোখে পানি কেন মনি? এ কী! তুমি কাঁদছো কেন?
মনি:- (ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে) আমি তোমাকে ওইদিনের মতোই ভালোবাসি আবির! হয়তো এত করে আগের মতো তোমাকে বলতে পারিনা। তোমার হাত ধরে চোখে চোখ রেখে বসে থাকতে পারিনা। অযথা'ই তোমার বুকে নাক ঘষতে যাইনা। নিয়ম করে তোমার মাথায় হাতও বুলাতে পারিনা অথচ তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। আমাকে তুমি ঠিকই রোজ ৭২ বার 'ভালোবাসি' বলো। আমার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকো। আমি হাসলে তুমিও হাসো। বাবুদেরকেও প্রায় তুমিই সামলাও। দিন শেষে আমার মাথাটা তোমার বুকে রেখে শক্ত করে ধরে ঘুম পাড়াও।
আমিতো এসব আর কিছুই পারিনা আবির। আমার প্রতি কোনো অভিমান রেখোনা প্লিজ!
আবির:- ( দু'হাতে দুই গাল চেপে ধরে মনি'র ভেজা চোখ আর ফর্শা মুখটা কাছে টেনে এনে) আমি তোমার ব্যস্ততার মধ্যেই তোমার ভালোবাসা খুঁজে পাই মনি। তুমি যে দায়িত্বের সাথে রান্না করো, ঘর গোছাও, বাবুদের সামলাও, কাপড় ধোও, এসবকিছুর মধ্যেই আমি আমার জন্য তোমার অকথ্য ভালোবাসা উপলব্ধি করতে পারি।
সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যখন রাতে আমার বুকে মাথা রেখে ঘুমাও, বিশ্বের বুকে কোথাও ভালোবাসার হাহাকার আছে বলে আমার মনে'ই হয়না! তোমার অগোছালো চুলে হাত রেখে আমি রাজ্যের সুখ পাই। তোমার হাতে পেয়াজ ও সবজির গন্ধ আমাকে ভালোবাসা বুঝিয়েছে মনি। তোয়ালেতে তোমার চুলের ঘ্রাণ ও তরকারি বা ডালের দাগ আমাকে ভালোবাসা শিখিয়েছে।
(সারাদিনের সংসারের কাজে মনি খুব ক্লান্ত। আবিরের বুকে মাথা রেখে সুখের ঘুমে সে বিভোর। আবির তার মাথায় হাত বুলাচ্ছে। আর মনে মনে বলছে- "কোথায় দেশের রাজা? আমার কুঠরিতে তাকিওনা, হিংসে হবে তোমার!"



Mubarak Husain Raju

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.